প্রবাসী আতাউলকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৫০

পার্সেলে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচার চেষ্টা

ইত্তেফাক রিপোর্ট

যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পাননি মো. আতাউল করিম ওরফে আলমগীর। শুনানি শেষে তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসানের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। আতাউল করিম একজন আমেরিকান প্রবাসী বাংলাদেশি। তিনি চলতি বছরে যুক্তরাষ্ট্রে পাঠানোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ডাকঘরে একটি পার্সেল পোস্ট করেন। ঐ পার্সেল গত ২১ মে পরীক্ষা করা হয়। দেখা যায় ঐ পার্সেলে ১ হাজার ৪৪৬ পিস ইয়াবা রয়েছে। এ ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ কাফরুল থেকে আতাউল করিম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে আবেদন করা হয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী নূর-ই-আলম উজ্জল ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় শুনানি করেন।