বন্ধুর সঙ্গে অভিমান করে ঝাঁপ দিয়েছিল সে
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর খেয়া ঘাটে বন্ধুদের সঙ্গে টিকটক করতে এসে এক বন্ধুর সঙ্গে অভিমান করে জান্নাত (১৫) নামে এক কিশোরী শনিবার রাতে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ থাকে। সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মালেক মোল্লা জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। রাত ১১টায় হাসনাবাদ নৌপুলিশ ময়নাতদন্তের জন্য ঐ কিশোরীর লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা জানায়, জান্নাত নীলফামারীর জলঢাকা পশ্চিম কাঠালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবারসহ তারা ভাড়া বাড়িতে থাকে। অপর একটি সূত্র জানায়, জান্নত যাত্রাবাড়ীর একটি কিশোর টিকটক গ্রুপের সদস্য ছিল। গত দুবছর ধরে বাবা-মার অবাধ্য হয়ে কিশোর গ্রুপের ডাকে বাড়ি থেকে বের হয়ে যায়। শনিবার ঐ গ্রুপের ছয় সদস্যের সঙ্গে বিকালে কেরানীগঞ্জের সাড়িঘাট কফি হাউসে বেড়াতে আসার পর এ ঘটনা ঘটে।
