স্পোর্টস রিপোর্টার
সবার চোখ ছিল জ্যামাইকা না হয় যুক্তরাষ্ট্র। এদের মধ্যেই কোনো একজন স্প্রিন্টার নতুন রাজার খেতাব জয় করবেন। উঠে যাবে গতির দানব উসাইন বোল্টের নাম। কে হনে নতুন স্প্রিন্টনার। এই নিয়ে খেলাধুলার দুনিয়া গত কয়দিন ধরে সরগরম ছিল। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চমক হয়ে বেরিয়ে এলেন ইতালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস। এই স্প্রিন্টার ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড। রুপার পদক জয় করেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি, কানাডার আন্দ্রেস ডি গ্রাসে ব্রোঞ্জ জয় করেছেন।
ইতালির জ্যাকব দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। এই অ্যাথলেটকে নিয়ে কেউ ভাবেইনি। সবার চোখ ছিল অন্যত্র। আগের দিন ১০০ মিটার নারী স্প্রিন্টে জ্যামাইকার অ্যাথলেট এলেইন থমসন রানির মুকুট মাথায় তুললেন, ধারণা ছিল জ্যামাইকারও কেউ এবার পুরুষদের লড়াইয়ের মুকুট জয় করবেন। না হয় যুক্তরাষ্ট্রের রুনি বাকের, ব্রোমেল লড়াইয়ে আগুনের ফুলকি ঝরাবেন। কিন্তু কারো কল্পনার সঙ্গেও মিলেনি।
কিছু দিন আগে ইউরোতে চ্যাম্পিয়ন হলো ইতালি। সেই আনন্দের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ইতালির ঘরে নতুন মুকুট জায়গা নিল।
জ্যাকবস উসাইন বোল্টকে টপকে পারেননি। কিন্তু সেটি নিয়ে কথা নেই ইতালির। তারা খুশি হয়েছে অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় পদকটা জিতে নিয়েছে। টোকিও অলিম্পিকে আসার আগেই জ্যাকব বলেছিলেন তিনি টোকিও হতে স্বর্ণপদক জয় করে ঘরে ফিরতে চান। সেটাই করে দেখিয়েছেন এই স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্ট শুরু হওয়ার আগেই অঘটন ঘটেছে। বাঁশি বাজার আগেই দৌড় দিয়েছিলেন গ্রেট ব্রিটেনের জার্নেল হিউজ। তাকে ডিসকোয়ালিফাই করা হয়।
