ক্রিকেট ছেড়ে অলিম্পিকে হকির মঞ্চে আইরিশ নারী

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ডের নারী। খেলেছেন বিশ্বকাপ ক্রিকেট। খেলেছেন হকি বিশ্বকাপের ফাইনাল। এই নারী এবার অলিম্পিকেও খেলেছেন। অলিম্পিকে হকিস্টিক হাতে দাপিয়ে বেড়ালেন এলেনা টাইস। দুটি আলাদা খেলার সর্বোচ্চ মঞ্চে দেশের হয়ে খেলার রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের ২৩ বছর বয়সি নারী ক্রীড়াবিদ। মাত্র ১৩ বছর বয়সে আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছিলেন এলেনা টাইস।

টিনএজারের তমকা ঘোচার অনেক আগেই ২০১৪ মহিলা টি-২০ বিশ্বকাপে মাঠে নামেন আয়ারল্যান্ডের লেগস্পিনার। তবে ২০১৫ সালের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। দেশের হয়ে ১৫টি ওয়ানডে ও ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন এলেনা। দুই ফরমেট মিলিয়ে ২৪টি উইকেটও নিয়েছেন তিনি। পরে কি হলো জানা গেল না। ২২ গজের ক্রিকেট ছেড়ে তুলে নিলেন হকিস্টিক। ২০১৮ হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামেন তিনি। আয়ারল্যান্ড সেবার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যায়। এবার টোকিও অলিম্পিকের মহিলা হকিতে আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামেন টাইস। সেদিক থেকে দুটি সম্পূর্ণ ভিন্ন খেলার সর্বোচ্চ মঞ্চে জাতীয় দলের জার্সি গায়ে চাপান আইরিশ তারকা।  এবার অলিম্পিকে ক্রিকেট থেকে অন্য খেলায় মুখ ফেরানো তারকা এলেনা একা নন। মেয়েদের টেনিসের শীর্ষবাছাই অ্যাশলে বার্টিও এক সময় অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশে খেলেছিলেন।