স্পোর্টস ডেস্ক
রজার ফেদেরার, রাফায়েল নাদালের অনুপস্থিতিতে সুযোগটা নিতে পারেননি নোভাক জকোভিচ। এ সার্বিয়ানকে সেমিফাইনালে থামিয়ে দিয়েছেন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ। জকোভিচকে হারানো এ জার্মান তারকাই শেষ পর্যন্ত টোকিও অলিম্পিকে পুরুষ এককের স্বর্ণ জিতলেন। প্রথম জার্মান পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিকের সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুললেন জেভেরেভ।
র্যাংকিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় জেভেরেভের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এটি। গতকাল পুরুষ এককের ফাইনালে রাশিয়ার কারেন খাচানোভকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। মাত্র ৭৯ মিনিটেই প্রতিপক্ষকে উড়িয়ে দেন জেভেরেভ। আরিয়াক টেনিস সেন্টার কোর্টে ৬-৩, ৬-১ গেমে জয় পান ২৪ বছর বয়সি এই খেলোয়াড়।
যদিও ক্যারিয়ারে এখনো কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জেভেরেভ। গত বছর খুব কাছাকাছি গিয়েও হেরে গেছেন। ইউএস ওপেনের ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক টিমের কাছে হেরে যান তিনি। তবে অলিম্পিকে স্বর্ণ জেতা দ্বিতীয় জার্মান খেলোয়াড় জেভেরেভ। এর আগে ১৯৮৮ সালে অলিম্পিকে নারী এককে স্বর্ণ জিতেছিলেন কিংবদন্তি স্টেফি গ্রাফ।
জার্মানির টমি হাস ২০০০ সালে সিডনি অলিম্পিকে স্বর্ণপদক জয়ের খুব কাছে গিয়েছিলেন, শেষ পর্যন্ত রুপা নিয়েই তুষ্ট থাকতে হয়েছিল তাকে। ১৯৯২ সালে দ্বৈতে সোনা জিতেছিলেন বরিস বেকার ও মিশেল স্টিচ।
