টেনিসে নারী এককে বেলিন্দার স্বর্ণ

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

সুইজারল্যান্ডের সেরা দুই টেনিস খেলোয়াড় ফেদেরার এবং ওয়ারিঙ্কা টোকিও গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে তারা এবার অলিম্পিকের কোর্টে নামেননি। তাদের খামতি পূরণ করলেন বেলিন্দা বেনচিচ। নারী এককে স্বর্ণ জিতলেন তিনি।

শুধু নারী এককে চ্যাম্পিয়ন হওয়াই নয়, বরং টোকিওতে জোড়া পদক জয় নিশ্চিত করেছেন বেলিন্দা। ২৪ বছর বয়সি সুইস তারকা বেনচিচ এবার ভিক্টোরিয়া গোলুবিচকে সঙ্গে নিয়ে নারী দ্বৈতেরও ফাইনালে উঠেছেন। যার অর্থ, এবার অলিম্পিক থেকে জোড়া স্বর্ণ জয়ের হাতছানি রয়েছে বেলিন্দার সামনে।

নারী এককের ফাইনালে বেনচিচ ৭-৫, ২-৬, ৬-৩ সেটে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রউসোভাকে হারিয়েছেন। দ্বৈতের ফাইনালেও বেলিন্দাদেরকে নামতে হবে এই চেক জুটির বিপক্ষেই।

ফেদেরার ও ওজারিঙ্কা ২০০৮ বেজিং অলিম্পিকের পুরুষ দ্বৈতে স্বর্ণ জিতেছিলেন। ফেদেরার ২০১২ লন্ডন অলিম্পিকের পুরুষ এককে ফাইনালে হেরে রুপার পদকেই সন্তুষ্ট থেকেছেন। এমনকি মার্টিনা হিঙ্গিসও অলিম্পিক টেনিস থেকে সোনা জিততে পারেননি। তিনি ২০১৬ রিও অলিম্পিকের নারী দ্বৈতে রুপা জিতেছিলেন। সেদিক  থেকে বেনচিচ ইতিহাস গড়লেন বলা যায়।