বাংলাদেশের টোকিও অলিম্পিক শেষ

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৫৯

টোকিও অলিম্পিক গেমস শেষ হবে ৮ আগস্ট। তার আগেই কিছু কিছু দেশ বিদায় নিতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের ক্রীড়াবিদ অ্যাথলেটিকস ইভেন্টে লড়াই শেষ করলে টোকিও অলিম্পিকে বাংলাদেশের পর্দা নেমে যায়। বাংলাদেশ চারটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছিল।

শুটিং, আর্চারি, অ্যাথলেটিকস এবং সাঁতার। কোনো খেলায় বাংলাদেশের ক্রীড়াবিদরা যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেননি। আর্চারি এবং সাঁতারে যতটা ভালো পারফরম্যান্স করার আশা ছিল তা করতে পারেননি কেউ। ব্যক্তিগত ইভেন্টে দিয়া সিদ্দিকী নতুন আর্চার হয়েও দারুন লড়াই করেছিলেন। টাইব্রেকিংয়ে এক পয়েন্ট কম হওয়া পরের রাউন্ডে যেতে পারেননি তিনি। আর্চার রোমান সানার একই চিত্র। সাঁতারে আরিফুল ইসলামকে তিন বছর ফ্রান্সে উচ্চতর প্রশিক্ষণ দিয়েও কোনো ফল আসেনি সেটা বুঝতে পারছেন নীতিনির্ধরকরা। সব শেষে অ্যাথলেটিকসে জহির রায়হানকে পাঠিয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশন।

অলিম্পিকে ২৯ বছর পর ৪০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করল বাংলাদেশ। শেরপুরের ছেলে জহির হিটেই বাদ পড়েছেন এবং আট জনের মধ্যে অষ্টম হয়েছেন।