শোকাবহ আগস্টের প্রথম দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:০২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোকাবহ আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকের মাসের কর্মসূচির সূচনা করা হয়েছে। গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মাসব্যাপী কোরআনখানি শুরু হয়েছে। জাতির পিতার সমাধিসৌধসহ টুঙ্গিপাড়ার সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বুকে শোকের চিহ্ন কালো ব্যাজ ধারণ করেছেন।

সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে গোপালগঞ্জ জেলা পুলিশ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে হাসপাতালের চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীরা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ’৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ ছাড়া দোয়া-মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল হোসেন, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিয়াদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।