দেশের বিভিন্ন হাসপাতালে করোনার চিকিত্সা সরঞ্জাম-সংকটের প্রেক্ষাপটে এগিয়ে এসেছে বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীন। তাদের পক্ষ থেকে করোনা রোগীদের চিকিত্সায় বিতরণ করা হয়েছে ১৫টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, চারটি বাইপ্যাপ মেশিন, পাল্স অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, ফেসশিল্ড, এন-৯৫ মাস্কসহ অন্যান্য সরঞ্জাম। এছাড়া ৩০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে খুলনা বিভাগের আটটি ডিপো থেকে করোনায় আক্রান্তদের অক্সিজেন-সহায়তা দিচ্ছেন আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের প্রশিক্ষিত মাঠ পর্যায়ের কর্মীরা। সেবা পেতে হটলাইন ০১৭০১-২১৯৪৯৬ ও ০১৩১৩-০৮৫৫৬৭ নম্বরে যোগাযোগ করে যে কেউ অক্সিজেন-সহায়তা নিতে পারবে। ডিপো থেকে ২০ কিলোমিটার পর্যন্ত দূরে অক্সিজেন সরবরাহ করা হবে। ডিপোগুলো হলো যশোর সদর, সাতক্ষীরা সদর, খুলনা সদর, বাগেরহাটের কাটাখালী, কুষ্টিয়া সদর, কুষ্টিয়ার ভেড়ামারা আল্লার দরগা, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর।
১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করে আদ্-দ্বীন। বর্তমানে করোনায় আক্রান্ত অসহায় মুমূর্ষু রোগীদের বিনা মূল্যে অক্সিজেনসেবা প্রদান করছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। গত ৬ জুলাই থেকে শুরু হওয়া সেবা কার্যক্রমটি চলমান রয়েছে। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি জেলার ১০টি সেন্টারের মাধ্যমে ইতিমধ্যে প্রায় সাড়ে আট শ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
করোনার ডেলটা ভ্যারিয়ান্টে আক্রান্ত এবং মৃত্যুহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া দেশের সীমান্ত জেলাগুলোতে আদ্-দ্বীনের বিনা মূল্যে অক্সিজেন-সেবা কার্যক্রমের প্রশংসা করে এ ধরনের কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের একমাত্র প্রতিষেধক অক্সিজেন। ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য এই অক্সিজেন তাত্ক্ষণিক সবার পক্ষে জোগাড় করা সম্ভব হয় না।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিত্সার জন্য সম্প্রতি পাঁচটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, সিপ্যাপ-বাইপ্যাপসহ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা একটি, বাইপ্যাপ মেশিন একটি, আইসিইউ পেশেন্ট মনিটর চারটি ও সিরিঞ্জ পাম্প ২০টি দেওয়া হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাঠ পর্যায়ের প্রশিক্ষিত কর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় বাসায় গিয়ে করোনায় আক্রান্তদের অক্সিজেন-সেবা দিচ্ছেন। আদ্-দ্বীনের কর্ম এলাকার মাঠ পর্যায়ের এসব কর্মীর সঙ্গে যোগাযোগ করলে যে কেউ এই সহায়তা পাবেন। সংকটাপন্ন রোগীদের বিনা মূল্যে আদ্-দ্বীনের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরকারি কোভিড হাসপাতলে পৌঁছে দিচ্ছে। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য বৃহত্ শিল্পগোষ্ঠীকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
