এবার প্রধানমন্ত্রীর দায়িত্বে মিয়ানমারের জান্তা প্রধান

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:৩৯

মিয়ানমারে নতুন করে গঠিত তত্ত্বাবধায়ক সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অভ্যুত্থানের নেতা সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। তিনি জরুরি অবস্থার মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন এবং নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন। খবর বিবিসির

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সু চির বেসামরিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখলের ছয় মাস পর জান্তা নেতা মিন অং হ্লেইং গতকাল এক বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দেন। ক্ষমতা দখলের পর সামরিক শাসক মিন অং হ্লেইং স্টেট অ্যাডমিনস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রধান হন। এই কাউন্সিলই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে শাসন পরিচালনা করে এসেছে। এর স্থানে এবার গঠন করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

গতকাল রবিবার ঘণ্টাব্যাপী টেলিভিশন ভাষণে জেনারেল মিন অং হ্লেইং দুই বছরের মধ্যে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও বহু দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন। তবে যে দলটিকে তিনি ক্ষমতাচ্যুত করেছেন সেটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় সাড়ে ৯ হাজার মারা গেছেন। যদিও দেশটিতে করোনা পরীক্ষার সংখ্যা অনেক কম। তবে জেনারেল মিন অং হ্লেইং অভিযোগ করেন, যারা তার অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারাই করোনা ভাইরাস ছড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন, করোনা ভাইরাস নিয়ে তার সরকারের সফলতার পরিবর্তে ব্যর্থতা তুলে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, ভবিষ্যতে মিয়ানমার বিষয়ক আঞ্চলিক কোনো দূতের সঙ্গে তার প্রশাসন কাজ করতেও প্রস্তুত।