নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:০৪

ব্রিটেনের প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ের এক টুকরো কেক আগামী ১১ আগস্ট নিলামে উঠছে। ৪০ বছরের সেই পুরোনো কেকের এক টুকরো যত্নে রেখেছিলেন রানির এক কর্মচারী। ১৯৮১ সালের সেই কেক ইতিমধ্যেই মানুষের মনোযোগ কেড়েছে। খবর ওয়াশিংটন পোস্টের

১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিন্সেস ডায়ানা। প্রায় ৪০ বছর আগে তাদের বিবাহ উপলক্ষ্যে ব্রিটেনের রাজবাড়িতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। কেকের এক টুকরো যত্নে রেখে দেন রানি এলিজাবেথের (রানি দ্বিতীয় এলিজাবেথের মা) কর্মচারী মোয়রা স্মিথ। সেই টুকরোটিই ১১ আগস্ট নিলামে তুলতে যাচ্ছে নিলাম সংস্থা ডমিনিক উইন্টার। ২৮ আউন্সের কেকটি ৩০০ থেকে ৪০০ ডলারে বিক্রির আশা করছে সংস্থাটি। মজার বিষয়, কেকের টুকরো তখন যেভাবে স্লাইস করে কাটা হয়েছিল ঠিক সে রকমই আছে। বিখ্যাত সেই রাজকীয় বিয়েতে হাতে সাদা গোলাপ-টিউলিপের তোড়া আর সাদা প্রিন্সেস গাউন, মাথায় স্পেনসার টিয়ারা পরে পরীর সাজে সেন্ট পলস ক্যাথিড্রালে এসেছিলেন প্রিন্সেস ডায়ানা।