জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠক আগামী ৯ আগস্ট। আর সেই বৈঠকে সভাপতিত্ব করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতিসংঘে ভারতের সাবেক দূত সৈয়দ আকবরউদ্দিন গতকাল রবিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এবারের বৈঠক হবে ভার্চুয়ালি। ফ্রান্সের কাছ থেকে চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব এসেছে ভারতের হাতে। আর সেই কারণেই আশা করা হচ্ছে, আগস্টে নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার দায়িত্ব নিতে পারেন প্রধানমন্ত্রী মোদি নিজেই। এছাড়াও জাতিসংঘের একাধিক জরুরি বিভাগের বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এর আগে ১৯৯২ সালে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও। আর বৈঠকের সভাপতি হিসেবে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আকবরউদ্দিন টুইটে আরো জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বার ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য না হলেও আন্তর্জাতিক নীতিনির্ধারণের ক্ষেত্রে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই ভূমিকায় অবতীর্ণ হওয়া একেবারেই প্রথম দৃষ্টান্ত।
