আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের ১৩তম ব্যাচের ক্লাস শুরু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:০৫

আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি বলেছেন, আমাদের শিক্ষকদের অনুপ্রেরণায় এবং তাদের পরিশ্রমের ফলে ধাপে ধাপে আনোয়ার খান মেডিক্যাল কলেজ দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। দেশে যতগুলো মেডিক্যাল কলেজ আছে তার মধ্যে এটি উজ্জ্বল নক্ষত্র। এজন্য প্রত্যেক শিক্ষকের অবদান অনেক। গতকাল রবিবার দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস ১৩তম ব্যাচের (২০২০-২১ বর্ষ) ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এমবিবিএস ১৩ ব্যাচের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আনোয়ার হোসেন খান বলেন, আমরা নতুন একটি দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাই। তাদের সুস্বাস্থ্য ও পড়াশোনার মাধ্যমে উন্নত জীবন প্রত্যাশা করি।

বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ও আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সারমিন আব্বাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাসপাতালের নির্বাহী উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অনলাইনে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ১৩ ব্যাচের সব শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।