বঙ্গবন্ধুর প্রজ্বালিত স্বাধীনতার দীপশিখা অনন্তকাল ধরে জ্বলবে :তথ্যমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:০৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রজ্বালিত স্বাধীনতার দীপশিখা অনন্তকাল ধরে জ্বলবে। গতকাল রবিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাদদেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে বঙ্গবন্ধু স্মরণে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় বঙ্গবন্ধু, তার পরিবার, জাতীয় চার নেতা ও সব শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শিখা চিরন্তনের সামনে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি তাত্পর্যপূর্ণ। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি জাতিসত্তার জাগরণ ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার যে প্রদীপ প্রজ্বালন করে গেছেন, সেই দীপশিখা অনন্তকাল ধরে জ্বলবে। ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে, শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারই নয়, জিয়াউর রহমানসহ যারা সেই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, যারা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচিত হওয়া।

এদিন বৃষ্টি উপেক্ষা করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল ইসলামের সভাপতিত্বে এ প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী তারিন জাহান, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, সাংবাদিক লায়ন মুহা. মীযানুর রহমান, সুজন হালদার, মানিক লাল ঘোষ, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন টয়েল প্রমুখ অংশ নেন।

এর পরপরই সচিবালয়ে নিজ দপ্তর থেকে ন্যাপ ভাসানী দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন ড. হাছান।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিক, কৃষক শ্রমিক পার্টির সভাপতি মো. সিরাজুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।