ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র অঞ্চল থেকে গতকাল ৩৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। জার্মানি ও ফ্রান্সের বেসরকারি সংস্থা পরিচালিত উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ-৩ ও ওশান ভাইকিং নৌকায় ভাসতে থাকা এসব মানুষকে উদ্ধার করে। এর মধ্যে জার্মানির জাহাজ সি-ওয়াচ ১৪১ জনকে উদ্ধার করে। আর ফ্রান্সের জাহাজ ওশান ভাইকিং উদ্ধার করে বাকিদের। উদ্ধারকৃতরা বাংলাদেশ, মরক্কো, মিশর ও সিরিয়ার নাগরিক বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে তাদের প্রতিনিধি।
জনাকীর্ণ অবস্থায় একটি কাঠের নৌকায় করে তারা সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি সমুদ্রে ভাসছিল বলে জানা গেছে। অভিবাসনের প্রত্যাশায় লিবিয়া ও তিউনিসিয়া হয়ে বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা বাড়ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচএসিআর তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৪৭ হাজার ৪২৫ অভিবাসনপ্রত্যাশী অবৈধ পথে ইউরোপে প্রবেশ করেছে। এদিকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা। সংস্থাটি বলছে, চলতি বছরে মোট অভিবাসনপ্রত্যাশীর ১৪ দশমিক ৫ শতাংশ, অর্থাত্ তিন হাজার ৩৩২ জন বাংলাদেশি। -ডয়চেভেলে
