বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুনিয়া হত্যাকাণ্ডে আলোচনায় আসা মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। গতকাল রবিবার রাত ১০টার দিকে বারিধারার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ জানান, ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে পিয়াসাকে আটক করা হয়েছে। একই রাতে মোহাম্মদপুরে আরেক মডেলের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। রাত ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদপুরের বাবর রোডে ঐ মডেলের বাসায় অভিযান চলছিল। তবে সেই মডেলের নাম জানায়নি পুলিশ।
অভিযানে থাকা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম বলেন, ‘মডেল পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। তার বাসার ভেতর তল্লাশি করে মদ ও ইয়াবা পাওয়া গেছে। আপাতত এতটুকুই বলতে পারছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।’
জানা গেছে, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ঐ ঘটনার কিছুদিন আগেই সাফাতের সঙ্গে তার ডিভোর্স হয়েছিল। বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ঐ ঘটনায় পিয়াসার নাম সামনে আসে। সর্বশেষ গুলশানের ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের তরুণীর লাশ উদ্ধারের পর যে মামলা হয়, তাতেও পিয়াসার নাম ছিল।
