ডারউইনে ঐতিহাসিক সফরে জাপানের প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৩৪

রয়টার্স

অস্ট্রেলিয়ার ডারউইনে ঐতিহাসিক সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে শহরটিতে বোমা ফেলেছিল জাপানি বাহিনী, সে ঘটনার ৭৬ বছর পর এই প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রী সেখানে গেলেন।

১৯৪২ সালের ১৯ ফেব্রুয়ারিতে প্রথম দু’টি হামলায় ডারউইনে নিহত হয়েছিল প্রায় ২৫০ জন। আহত হয়েছিল শত শত মানুষ। ধ্বংস হয়েছিল বহু জাহাজ, বিমান ও সামরিক স্থাপনাসহ ডারউইনের অধিকাংশ এলাকা। শুক্রবার সে যুদ্ধেই হতাহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে স্মৃতিসৌধে একসঙ্গে ফুল দেন জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এর মধ্য দিয়ে যুদ্ধপরবর্তী কয়েক দশকে দু’দেশের মধ্যে গড়ে ওঠা বন্ধনের দৃঢ়তার প্রতিফলন ঘটেছে। অ্যাবের সফরকে ‘অতীতের ক্ষত সারিয়ে তুলে বন্ধুত্ব গড়ে তোলার মুহূর্ত’ বলেই বর্ণনা করেছেন স্কট মরিসন। ১৯৪১ সালের ডিসেম্বরে পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে জাপানের হামলার দুই মাস পরই জাপানি বাহিনী অস্ট্রেলিয়ার ডারউইনে বোমা হামলা শুরু করে। ১৯৪৩ সালের নভেম্বর পর্যন্ত আরো ৬২ টি হামলা চালিয়েছে জাপান। তবে প্রথম দুটি হামলার মতো এতটা ভয়াবহ ছিল না অন্য হামলাগুলো।