কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম শহরের পৌরসভার কৃষ্ণপুর এলাকার পূর্ব কামারপাড়া গ্রামের কৃষি জমি থেকে হাবিবুর রহমান (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা কৃষি জমিতে ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কুড়িগ্রাম সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
কুড়িগ্রাম আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, নিহত হাসিবুর রহমান চিলমারী উপজেলার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি কুড়িগ্রাম কোর্টে শিক্ষা নবীশ হিসেবে মোহরির কাজ করতো। শহরের পূর্ব কামারপাড়া গ্রামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতো হাবিবুর।
কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। লাশের পা বাঁধা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
