৫টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন ‘প্রিমো জেডএক্সফোর’

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:২৯

দুর্দান্ত ফিচারে বাজারে এলো ওয়ালটনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘প্রিমো জেডএক্সফোর’। বাংলাদেশে তৈরি স্মার্টফোনগুলোর মধ্যে এই ফোনেই প্রথমবারের মতো দেয়া হয়েছে ৫টি রিয়ার ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। পাশাপাশি সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ডিজাইন ও কনফিগারেশনের দিক দিয়ে অনন্য ওয়ালটনের এই ডিভাইসটির দাম মাত্র ২৬,৯৯৯ টাকা। ৮.৬ মিলিমিটার স্লিম ফোনটি বাজারে এসেছে চারকোল ব্ল্যাক রঙে। করোনাভাইরাস মহামারিতে ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে ফোনটি কেনা যাবে। লকডাউন না থাকলে দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকেও ফোনটি কিনতে পারবেন গ্রাহক।

ওয়ালটন মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম রেজওয়ান আলম জানান,  সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি বলে ‘প্রিমো জেডএক্সফোর’ যেমন দৃষ্টিনন্দন, তেমনই টেকসই। ১.৮৯ অ্যাপারচার সমৃদ্ধ এর পেন্টা ক্যামেরার প্রধান সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২। পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের ১১২ ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং আরেকটি ২ মেগাপিক্সেলের মনো পোর্টরেইট লেন্স। পেছনের ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে। আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.২ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ২.০৫ গিগাহার্জ গতির শক্তিশালী ‘হেলিও জি৯৫’ অক্টাকোর গেমিং প্রসেসর, এআরএম মালি-জি৭৬ এমসিফোর গ্রাফিক্স, ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।