হামাসের প্রধান হিসেবে ইসমাইল হানিয়া পুনর্নির্বাচিত

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৩৭

এএফপি

ইসমাইল হানিয়া ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন। এক বিবৃতিতে হামাস বলেছে, তাদের রাজনৈতিক প্রধান হিসেবে ইসমাইল হানিয়ার পুনর্নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনি প্রক্রিয়া শেষ হয়েছে। হানিয়ার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়, অভ্যন্তরীণ এই নির্বাচনে কয়েক হাজার সদস্য অংশ নেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ইসমাইল হানিয়া এ পদে রয়েছেন। তিনি গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। শেখ আহমেদ ইয়াসিন ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এরপর হামাসে ইসমাইল হানিয়ার প্রভাব আরো দৃঢ় হয়। বাস্তববাদী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ইসমাইল হানিয়া নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি ভাগাভাগি করে তুরস্ক ও কাতারে থাকেন। বিশ্লেষকেরা মনে করছেন, আবারও হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি সংগঠনে তার প্রভাব ও নিয়ন্ত্রণ আরো মজবুত করবেন।

এদিকে হামাসের হুমকির কারণে ২০০৭ সাল থেকে ইসরাইল গাজার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের মে মাসে ইসরাইলের হামলায় ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়। গাজা থেকে ছোড়া রকেট হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছে। পরে মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ অস্ত্রবিরতি চুক্তি মেনে নেয়।