ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলা
বিবিসি
ইসরাইলি ব্যবসায়ীর মালিকানাধীন তেল ট্যাংকারে হামলার জন্য এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানকে দায়ী করল। এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ইরান এই হামলা চালিয়েছে। এর যথাযথ জবাবও তারা পাবে।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ‘তেলের ট্যাংকারে হামলায় ইরান একাধিক ড্রোন ব্যহার করেছে। ইরান ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরনাকে এ ধরনের হামলা বন্ধ করতে হবে এবং নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে দিতে হবে।’
গত বৃহস্পতিবার ওমান উপকূলে ঐ তেলের ট্যাংকারে হামলার ঘটনায় দুই জন নিহত হন। এদের মধ্যে এক জন ব্রিটিশ নাগরিক, অন্যজন রোমানিয়ার নাগরিক। এর আগে এই হামলার জন্য ইরানকে দায়ী করেছিল ইসরাইল। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। তাদের কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা জানি কীভাবে ইরানকে আমাদের মতো করে বার্তা দিতে হবে।’
