করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৩৭

বিবিসি

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার হটস্পটে পরিণত হয়েছে দেশটি। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন অনলাইনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দেখতে পেয়েছি জাভা দ্বীপের বিভিন্ন স্থানে সংক্রমণ বাড়তে শুরু করেছে।’

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রায় প্রতিদিন সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ১৫ জুলাই দেশটিতে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়। সে সময় দৈনিক সংক্রমণ ছিল ৫৬ হাজার ৭৫৭। অন্যদিকে গত ২৭ জুলাই রেকর্ড ২ হাজার ৬৯ জনের মৃত্যু হয়। গত সপ্তাহে সংক্রমণ কিছুটা কমতে দেখা গেছে। গড়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮০০। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অভিজ্ঞতা থেকে সরকারের শিক্ষা গ্রহণ করা উচিত। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৩৪ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে মারা গেছে ৯৫ হাজারের বেশি মানুষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

০