আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে সর্বরামপুর গ্রামে পাঁচ বছরেও ব্রিজের নির্মাণকাজ শেষ হয়নি। এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার্থে বরাদ্দ সাপেক্ষে ব্রিজ নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে খালের দুই পাড়ে শুধু পিলার (খাম্বা) তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ব্রিজের নির্মাণকাজ শেষ না হওয়ায় ঐ এলাকার দুই ইউনিয়নের প্রায় ২০ গ্রামের বসবাসরত মানুষসহ স্কুলগামী ছাত্র-ছাত্রীদের রতনডারি খাল পাড় হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও, বর্ষা মৌসুমে খালে পানি বৃদ্ধি পাওয়ায় প্রয়োজন হয় ডিঙ্গি নৌকার।
জানা গেছে, রাণীনগর উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ সাপেক্ষে রতনডারি খালের ওপর ফুট ব্রিজ নির্মাণের জন্য ২০১৬ সালের মার্চ মাসে একটি দরপত্র আহ্বান করা হয়। দরপত্র আহ্বানের পর দাপ্তরিক সব প্রক্রিয়া শেষে শুরু হয় ব্রিজ নির্মাণের কাজ। শুষ্ক মৌসুমে ঐ খালের দুই পাড়ে দুটি খাম্বা নির্মাণের পর কাজটি বন্ধ হয়ে যায়।
কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু জানান, জনগুরুত্বপূর্ণ এমন ব্রিজের নির্মাণকাজ সম্পূর্ণ করার জন্য আমি বার বার সংশ্লিষ্টদের জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গ্রামীণ জনপদে শহরের সুবিধা প্রদানের লক্ষ্যে শিগগির এই ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী শাহ মো. শহীদুল হক বলেন, এই ব্রিজের নির্মাণকাজ সম্পূর্ণ করতে এখনো প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন। উপজেলা পরিষদের তহবিলে এই পরিমাণ টাকা না থাকায় ব্রিজটির নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না। তবে বরাদ্দ পেলেই এই ব্রিজের নির্মাণকাজ শুরু করা হবে।
