শেবাচিমের স্বাস্থ্যকর্মীদের বাস উপহার দিলেন সিটি মেয়র

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০৫

বরিশাল অফিস

লকডাউনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিত্সক, নার্স, কার্মকর্তা-কর্মচারীদের আনা-নেওয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করে দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর আগের লকডাউনেও তিনি একই ব্যবস্থা করেছিলেন। শেবাচিম হাসপাতালে এমন সুবিধা পেয়ে কর্মস্থলে উচ্ছ্বসিত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, তিনটি বাসের মধ্যে দুটি বাস করোনা রোগীসংশ্লিষ্ট ওয়ার্ড, আর একটি বাস নন-কোভিড ওয়ার্ডগুলোতে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে সিটি মেয়রের এই মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, শুধু করোনাকালেই নয় হাসপাতালের যেকোনো সমস্যায় মেয়র সাদিক আবদুল্লাহ প্রয়োজনীয় ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দেওয়ায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ৫০টি সিলিন্ডার প্রদান করেছেন।