স্টাফ রিপোর্টার, রাজশাহী
কঠোর লকডাউনে থেমে আছে মানুষের আয়-রোজগার। সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। তাই ভোর ৫টা থেকে অনেকে সাশ্রয়ী মূল্যের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে ভিড় করছেন খোলা ট্রাকের সামনে। শুধু নিম্ন আয়ের মানুষই নন, মধ্যবিত্তরাও লাইনে দাঁড়াচ্ছেন ব্যাগ হাতে। টিসিবির ডিলারেরা বলছেন, লকডাউনের কারণে পণ্যের চাহিদা বেড়েছে। ফলে লাইনে দাঁড়ানো সবাই পণ্য পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, চাহিদা বাড়লেও রাজশাহীতে কমেছে টিসিবির ডিলারের পণ্য সরবরাহ। টিসিবি সূত্র জানায়, ঈদের আগে রাজশাহী শহরের আটটি পয়েন্টে খোলা ট্রাকে ডিলাররা টিসিবির পণ্য বিক্রি করলেও এখন পাঁচটি পয়েন্টে বিক্রি করছে। সরেজমিনে সোমবার সকাল সাড়ে পাঁচটায় নগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে এবং সকাল ৬টায় সিএন্ডবির সার্কিট হাউস রোডে টিসিবির পণ্য বিক্রির নির্ধারিত স্থানে নারী-পুরুষের পৃথক লম্বা লাইন দেখা যায়। প্রতিটি লাইনে মানুষ দাঁড়িয়ে না থাকলেও ব্যাগ অথবা ইটের টুকরো রাখা ছিল। সবার অপেক্ষা টিসিবির পণ্যের জন্য। টিসিবির পণ্য নিয়ে ট্রাক আসে বেলা ১১টার দিকে।
নগরীর সাহেববাজারে লাইনে অংশ নেওয়া তালাইমারীর বাসিন্দা আনোয়ারা খাতুন বলেন, একটু সাশ্রয়ের জন্য তিনি সাহেববাজারে টিসিবির পণ্য কিনতে এসেছেন। ট্রাক আসার আগেই ভোর ৫টায় তিনি এসে দেখেন লম্বা লাইন পড়ে গেছে। টিসিবির আঞ্চলিক কার্যালয়ের প্রধান রবিউল মোর্শেদ বলেন, লকডাউনে মানুষ সব গ্রামে চলে গেছে। এ কারণে ডিলারের সংখ্যা এবং পণ্যের পরিমাণ কমানো হয়েছে। তারা সরকারের নির্দেশনা মেনে কাজ করছেন। তিনি বলেন, চাহিদা যদি বেশি থাকে তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
চাটমোহরে ওএমএসের চাল কিনতে দীর্ঘ লাইন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, উপজেলার হাট-বাজারে চালের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ ভিড় করছেন খাদ্য অধিদপ্তরের আওতায় ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল-আটা বিক্রির ডিলারদের কাছে। চাটমোহর পুরাতন বাজারের ওএমএস ডিলার তরুণ পাল জানান, সকাল থেকেই অসংখ্য নারী-পুরুষ ও শিশু চাল ও আটা কিনতে লাইন ধরেন। এর মধ্যে মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম জানান, শুক্রবার বাদে প্রতিদিন ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ দেওয়া হচ্ছে। ৭ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।
গৌরনদীতে ওএমএস কেন্দ্রে
বিক্রি শুরুর আগেই ভিড়
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, উপজেলার ওএমএসের (ওপেন মার্কেট সেল) দিকে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। তাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ডিলাররা। উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী জানান, সাধারণ ক্রেতারা ওএমএসের ডিলারের কাছে ছুটছেন। অনেকেই ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই নির্ধারিত স্থানে লাইনে দাঁড়াচ্ছেন।
