পাকুন্দিয়ায় জাল ডলার প্রতারক চক্রের দুই সদস্য আটক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়া উপজেলার ভিটিপাড়া গ্রাম থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় জাল ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো: কিশোরগঞ্জ সদর উপজেলার সারুয়াকান্দি গ্রামের আবু বাক্কার এবং একই উপজেলার বড়খালেরপাড় গ্রামের বাদল। তাদের নিকট থেকে একশ’ ডলার মূল্যমানের ১৭৬টি জাল ডলার উদ্ধার করা হয়।

র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে র্যাব অনুসন্ধান চালিয়ে এই প্রতারকচক্রের সন্ধান পায়। তারা নিরীহ লোকজনদের প্রথমে আসল ডলার দেখিয়ে ফাঁদে ফেলে এবং ডলার বিক্রির সময় কৌশলে জাল ডলার দিয়ে লোকজনদের প্রতারিত করে। তারা ক্রেতা সেজে টাকা লেন-দেনের সময় তাদের জাল ডলারসহ  হাতেনাতে আটক করা হয়।

র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লেঃ কমান্ডার বিএন এম শোভন খান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে জাল ডলার বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে উভয়ের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।