নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল ফের প্লাবিত

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০৮

বান্দরবান প্রতিনিধি

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এক সপ্তাহের ব্যবধানে দুইবার প্লাবিত হয়েছে। এই ইউনিয়নের নিম্নাঞ্চল ও সীমান্তের শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরও প্লাবিত হয়েছে। ঐ এলাকা ২৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত পানিতে ডুবেছিল। শনিবার তারা বাড়িতেও ফিরেছেন কিন্তু রবিবার ভোর রাতে টানা পাঁচ ঘণ্টার ভারী বৃষ্টিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমব্রু খালের পানি দ্রুত বেড়ে যায়। দুপুরের মধ্যেই তুমব্রু বাজার, হিন্দুপাড়া, কোনাপাড়া বাজার ও বড়ুয়াপাড়ার অধিকাংশ এলাকা তলিয়ে যায়। পাহাড়ি ঢলে অনেক মাটির ঘর ও বাঁশের ঘর ভেঙে গেছে এবং ভেসে গেছে। শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের একাংশও ডুবে গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, অতি বৃষ্টিতে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে পাহাড় ধসে চার জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তুমব্রু এলাকায় আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহ জানান, তুমব্রু এলাকার লোকজন এক সপ্তাহের মধ্যে দুবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলো। সোমবার দুপুর থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে তিনি জানান।