বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার এবং ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মৃদুল হাসান নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।
বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গত ৩০ জুলাই রাতে ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড ধোপাবাড়ি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সিটি করপোরেশনের কর্মকর্তা মো. ছাইদুর রহমান খানের মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর দিন তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণের সহায়তায় ২৮ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকা থেকে ঐ চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত চোরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
