সদরপুরে আড়িয়াল খাঁ নদে ভাঙন অব্যাহত

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০৯

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদে পানি কিছুটা কমলেও ব্যাপক এলাকা জুড়ে নদীভাঙন অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে আড়িয়াল খাঁর ভাঙনে চর নাছিরপুর ইউনিয়নের মফিজদ্দিন হাজীর কান্দি, হালিম হাওলাদারের কান্দি, নাজির মাহমুদ হাজির কান্দি, ওহেদ জমাদ্দারের কান্দি গ্রামের শতাধিক ঘরবাড়িসহ ১০০ একর ফসলি জমির বোনা আমন ও আউশ ধান, মূল্যবান গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া চর মানাইড় ইউনিয়নের আদেল উদ্দীন মোল্যা, চর অজুর্ন পট্টি, আমির খার কান্দি, রহমত উল্লাহ মাতুব্বর কান্দি ও ঢেউখালী ইউনিয়নে চন্দ্রপাড়া ঘাট এলাকায় ভাঙন বৃদ্ধি পেয়েছে। ভাঙনের হাত থেকে বাঁচতে অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। হুমকির মুখে রয়েছে মফিজদ্দিন হাজীর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়ারচর আশ্রয়ণ কেন্দ্রসহ বহু ঘরবাড়ি ও নানা স্থাপনা। এছাড়া ভাঙন আতঙ্কে আছেন চরের হাজার হাজার পরিবার।

মফিজউদ্দীন গ্রামের শামসুদ্দীন মুন্সি বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলে উপজেলার পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি নদী ভাঙনের শিকার হয়। ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। গত রবিবার বিকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভাঙন রোধে আমরা প্রাথমিকভাবে ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঘাট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রেখেছি। অন্যদিকে চর নাছিরপুর ইউনিয়নে ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা সরকারের কাছে একটি প্রস্তাব রেখেছি।