নানান সমস্যা ঝিনাইদহ জেলাকে গ্রাস করেছে। প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জেলার সদর থানার হাটগোপালপুর থেকে শৌলকূপা থানা সংযোগ সড়ক। হাটগোপালপুর বাজারের ভেতরে প্রায় এক কিলোমিটার রাস্তা বর্ষাকালে হাঁটু পানির নিচে ডুবে থাকে। এর কারণ হচ্ছে সেখানে নেই ড্রেনেজব্যবস্থা। এরপর রাস্তার মাঝখানে বড় বড় গর্ত তো আছেই। চাড়াখালির সেতু থেকে বাদামতলার দিকের রাস্তায় যাওয়ার কোনো উপায় নেই। তাছাড়া চলতি পাটের মৌসুমে পাট বোঝাই গরুর গাড়ি চলাচল করে। রাস্তা মাত্রাতিরিক্ত সংকীর্ণ হওয়ায় ক্রসিংয়ের সময় জটিলতা তৈরি হয়। এই রাস্তার মাঝেই পড়েছে কেপি বসুর বাড়ি। কিন্তু বর্তমানে রাস্তার দুর্দশা নিয়ে ইউনিয়ন পরিষদের মাথাব্যথা নেই। হরিশংকরপুর ইউনিয়ন কর্তৃক রাস্তা মেরামত করা হলেও মাত্র দুই বছরের মাথায় সেটি চলাচলের অযোগ্য হয়ে যায়। রাস্তার সমস্যার জন্য যাতায়াতের জন্য দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের আবেদন জানাই।
মো. নাজমুচ্ছাকিব
হাটগোপালপুর, ঝিনাইদহ
