২০২০-২১ অর্থবছর
মনিরুজ্জামান ধীরু, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল ২০২০-২১ অর্থবছরে ১০৪ কোটি ৪০ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। চিনি কারখানা ও খামারসহ অন্যান্য বিভাগে ৭৬ কোটি টাকা লোকসান কাটিয়ে মিলটি এ বছর ২৮ কোটি টাকা নিট (প্রফিট) লাভ অর্জন করতে সক্ষম হয়েছে।
চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরে মিলটির চিনি কারখানায় ৭২ কোটি, ৯টি খামারে ৩ কোটি ৮৫ লাখ ও পরীক্ষামূলক খামারে ২০ লাখসহ মোট ৭৬ কোটি ৫ লাখ টাকা লোকসান হয়। পাশাপাশি কেরু ডিস্টিলারি এ বছর ৫২ লাখ ৪৭ হাজার ৪৭৩ লিটার দেশি মদ উত্পাদন ও বাজারজাত, ৪৬ লাখ ৯৬ হাজার লিটার থিনার, ১ লাখ ১৬১ হাজার কেস বিলাতি মদ বিক্রি করে সর্বকালের রেকর্ড করেছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ জানান, কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল অপার সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান, এখানে দক্ষ জনবল ও সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা দায়িত্ব নিয়ে কাজ করলে প্রতিষ্ঠানের লাভ হবেই। মিলের জিএম (প্রশাসন) শেখ সাহাব উদ্দিন জানান, এ বছর ডিস্টিলারি থেকে সরকারকে ৭৩ কোটি ২০ লাখ টাকা রাজস্ব দিয়েও মুনাফা অর্জন করেছে।
