ইত্তেফাক রিপোর্ট
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ২২তম ব্যাচের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন গতকাল সোমবার ভার্চুয়াল পদ্ধতিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামানের সভাপতিত্বে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহ্হাব (অব.)। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রাক্তন সচিব মো. নুর-উর-রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, আমাদের শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে আজ কলেজটি দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি ছাত্রছাত্রীদের পড়ালেখায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। স্বাস্থ্যবিধি রক্ষা করতে গিয়ে ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। চেয়ারম্যান এমবিবিএস প্রথম বর্ষের কার্যক্রম উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহ্হাবের (অব.) প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা আশা করি হাসপাতাল ও কলেজের উন্নয়নে তিনি আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ। অনুষ্ঠান পরিচালনা ও ভার্চুয়াল সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও অধ্যাপক ডা. মোর্শেদ নাসির। হাসপাতালের উপপরিচালক মো. আনিসুজ্জামানসহ কলেজের সব বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
