ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে সেনাবাহিনী টহল দিচ্ছে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে টহল দেয় তারা। বিনা কারণে শহরে চলাচলকারীদের থামিয়ে কারণ জিজ্ঞাসাবাদ করা হয়।
সোমবার বিকালে ঝিনাইদহে নিয়োজিত সেনা সদস্যদের টহল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার। তিনি শহরের বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের টহল পরিদর্শন ও পাশাপাশি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। করোনাকালীন লকডাউন বাস্তবায়নে সম্মুখসারির করোনাযোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি। তিনি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসনের সঙ্গে আলাপকালে মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার বলেন, আমাদের সাহসিকতার সঙ্গে করোনা মোকাবিলা করতে হবে। সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে। যে কোনো প্রয়োজনে আমাদের ডাকলে পাবেন। সে সময় ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে, কর্নেল মো. মোর্শেদুল হাসান, জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
