চট্টগ্রাম অফিস
নগরীর ৪১টি ওয়ার্ডে আগামী ৭ আগস্ট থেকে প্রতিদিন ৬০০ ডোজ করে মডার্নার কোভিড-১৯ টিকা প্রদানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সরকার সামর্থ্য ও সক্ষমতার সর্বশক্তি দিয়ে কোডিভ-১৯ সংক্রমণ রোধে টিকা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছে। এর আওতায় নগরীর ১৮ বছরের ঊর্ধ্বে যোগ্য বা আগ্রহী কেউ বাদ পড়বে না। গতকাল সোমবার সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের প্রায়োগিক কর্মপদ্ধতি তুলে ধরে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বুথে প্রতিদিন ২০০ করে কমপক্ষে ৬০০ ডোজ টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে দুই জন প্রশিক্ষিত ভ্যাক্সিনেটর ও তিন জন স্বেচ্ছাসেবক থাকবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সিনিয়র সিটিজেন, নিবন্ধনকৃত নাগরিক, আবেদনকৃত নাগরিক ও কাউন্সিলরদের কাছে নিবন্ধনের জন্য আবেদনকারীরা টিকা নিতে পারবেন। সোমবার থেকে ওয়ার্ডের কাউন্সিলরের কাছে সরবরাহ করা ফরমে যে-কেউ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। সভায় ক্যাম্পেন প্রেজেনটেশন উপস্থাপন করেন ডা. সরওয়ার আলম।
