জয়নাল আবেদীন
একাত্তরে জীবনের ঝুঁকি নিয়ে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী প্রবীণ আওয়ামী লীগ নেতা ও রাজশাহীর দামকুড়া হাট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন মাস্টার (৭৮) করোনায় আক্রান্ত হয়ে রবিবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি গোদাগাড়ীর দেওপাড়া ইউপির ফুলবাড়ি গ্রামের বাড়িতে নাতি ডাক্তার শাওনের তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছিলেন। এদিন বাদজোহর জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, শফিকুল ইসলাম, এমদাদ, নাজিমুদ্দিন, শামীম আক্তার ও মাজদার রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
জামাল এ রউফ
বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জামাল এ রউফ ওরফে টেনু হাজারী (৬৫) সোমবার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বানারীপাড়া হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার উপস্থিতিতে বানারীপাড়া থানা পুলিশ গার্ড অব অনার দেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আমির হোসেন চেয়ারম্যান
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনার স্বামী ও উপজেলার নিলখী ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন (৬৭) (ইন্না লিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সোমবার মিরাশ বাজারে জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নিলখি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার শোক প্রকাশ করেন।
