আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারের এক যুবকের শখের পুকুর এখন আয়ের অন্যতম উত্স। উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া পাঁচগাঁও গ্রামের বাসিন্দা তালহা বিন হাবিব বেসরকারি চাকরিজীবী। তিনি চার বছর আগে পাঁচগাঁও মৌজায় এক বিঘা জমিতে শখের বশে একটি পুকুর কাটেন। করেন মাছের চাষ। পুকুরের পাড়ে রোপণ করেন বিভিন্ন ফলের গাছ। আছে ফলদ ছাড়াও অন্য গাছ। পুকুরে চাষ করেন—রুই, কাতলসহ বিভিন্ন প্রকারের মাছ। তালহা বিন হাবিব জানান, ইতিমধ্যে তিনি মাছ চাষে বছরে কয়েক লাখ টাকা আয় করেছেন। এ ক্ষেত্রে তিনি সরকারি কোনো ফান্ড থেকে কোনো প্রকার ঋণ গ্রহণ করেননি। তবে মাঝেমধ্যে উপজেলা মত্স্য অফিসের পরামর্শ গ্রহণ করে থাকেন। তিনি আরো জানান, শখের বশেই তিনি মাছ চাষ শুরু করেন। এটা যে তার আয়ের উত্স হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, তালহা বিন হাবিবকে তিনি অনেক সময় নানা পরামর্শ দিয়ে থাকেন।
