রাজনৈতিক দলগুলোকে এক মাস সময় দিল ইসি

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:৫৮

আয়ব্যয়ের হিসাব জমা

ইত্তেফাক রিপোর্ট

বিগত পঞ্জিকা বছরের (২০২০) আয়-ব্যয়ের হিসাব জমা দিতে রাজনৈতিক দলগুলোকে একমাস অতিরিক্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল এখনো বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেয়নি। গত ৩১ জুলাই হিসাব জমা দেওয়ার শেষ দিন ছিল।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রওশন আরা বলেন, গত বছর করোনার কারণে সময় বাড়ানো হয়েছিল। এবারও নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ দল হিসাব জমা দিতে পারেনি। তাই কমিশন নিজ উদ্যোগেই এক মাস সময় বাড়িয়েছে। দলগুলোর দেওয়া মেইল অ্যাড্রেসে সময় বাড়ানোর চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েক দিন আগে ডাকযোগেও চিঠি পাঠানো হয়েছে। করোনা সব কাজে বাধা সৃষ্টি করছে। তাই এ সুযোগ দিয়েছে কমিশন।

গত ৭ জুন নির্বাচন কমিশন থেকে হিসাব জমা চেয়ে এ সংক্রান্ত নির্দেশনা দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিন থেকে চারটি দল তাদের হিসাব জমা দিয়েছে। অন্য কোনো দল এখনো কোনো সাড়া দেয়নি। এ ছাড়া করোনার কারণেও হয়তো দেরি হচ্ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে।