রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাহিনা এলাকার এক কলেজছাত্রী ধর্ষণের মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আসামিরা প্রভাবশালীদের ছত্রছায়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যদের গৃহবন্দি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে ঐ কলেজছাত্রী বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার কাহিনা এলাকার মাহবুবু মিয়ার বখাটে ছেলে মারজুক রাসেল সোভন ভুক্তভোগীকে ২০২০ সালের ৪ নভেম্বর তাদের নির্জন বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল রাসেল। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজছাত্রীকে বিভিন্ন সময় সে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন রাতে বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে মারজুক রাসেল সোভন ভুক্তভোগীর মুখ বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে মারজুক তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরদিন ৫ নভেম্বর ঐ কলেজছাত্রী বাদী হয়ে মারজুক রাসেল সোভন ও তার সহযোগী একই এলাকার কবির মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী বলেন, আসামিদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ও পুলিশের যোগসাজশ রয়েছে। আসামিরা নিজ নিজ বাড়িতে থাকলেও পুলিশের খাতায় তারা পলাতক। পুলিশের নীরব ভূমিকায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। রূপগঞ্জ থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা রাসেল শেখ বলেন, মামলার আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। শিগগিরই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
