স্পোর্টস রিপোর্টার
এমন নয় যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম জনমানবশূন্য ছিল। তারপরও গতকাল সকাল থেকে সুনসান নীরবতায় আচ্ছন্ন ছিল গোটা স্টেডিয়াম। কারণ অস্ট্রেলিয়া দল। অতিথি অস্ট্রেলিয়া দলের অনুশীলন চলাকালীন স্টেডিয়াম জুড়ে নীরবতা। বিসিবি কার্যালয়, স্টেডিয়ামের বিভিন্ন অংশে লোকের আনাগোনা দেখা যায়নি। সবাই বিভিন্ন রুমে আবদ্ধ হয়েছিলেন। অতিথি অপ্যায়নে এ প্রয়াস অনন্যই বটে।
গতকাল সকাল ১০টা থেকে বিসিবি একাডেমি মাঠের নেটে ব্যাটিং, বোলিং এবং মূল মাঠে ফিল্ডিং করেছে অস্ট্রেলিয়া দল। ফাঁকা মাঠে অনুশীলন করে বেলা ১২টার পর ফিরে গেছে সফরকারীরা। তারা চলে যেতেই মাঠে, স্টেডিয়ামে লোকের উপস্থিতি পরিলক্ষিত হয়। গ্রাউন্ডসম্যান সহ সবাই কাজে ফিরে আসেন।
এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ম্যাথু ওয়েডকে অধিনায়ক ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে পেসার রাইলি মেরেডিথ দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন নাথান ইলিস।
সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ে চোখ রাখছে সফরকারীরা। তবে সিরিজে তাদের কাছে মূল গুরুত্ব পাচ্ছে বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপ দলে খেলার সুযোগ নিশ্চিত করতেই মুখিয়ে অস্ট্রেলিয়ানরা।
গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়েড বলেছেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সবসময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে।’
ওয়েস্টইন্ডিজের কাছে সিরিজ হেরে এলেও নতুন কিছু ক্রিকেটার পাওয়ায় খুশি ওয়েড। গতকাল তিনি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই (বিশ্বকাপের প্রস্তুতি)। ওয়েস্ট ইন্ডিজেও এটা আমরা করেছি। প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি। তবে কিছু কিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মিচ মার্শ, অ্যাশটন টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। আরো কয়েক জন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।’ বাংলাদেশের বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যাটিং করবেন ওয়েড। কারণ ব্যাট হাতে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া।
