প্রসঙ্গ : টেস্ট অবসর মাহমুদউল্লাহর মুখে তালা

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৩৯

 

 স্পোর্টস রিপোর্টার

টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গ আবারও এড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার বিষয়টি খোলাসা করলেন না তিনি। বরং আলোচনা জিইয়ে রাখলেন। তবে জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বিস্তারিত জানাবেন।

টেস্ট আর খেলবেন না, জিম্বাবুয়ে সফরে হারারে টেস্টের তৃতীয় দিনই সতীর্থদের, টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচের শেষ দিনে সতীর্থদের গার্ড অব অনারও নিয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি। জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর গতকালই প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রাক্কালেও মাহমুদউল্লাহকে টেস্ট অবসরের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। শুরুতে হেসে ওঠেন, পরে উত্তরে বললেন, ‘একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, শুধু এই সিরিজটি নিয়ে এখন আমরা ভাবনা। এ বিষয়ে (অবসর) ইনশাল্লাহ আপনাদের আমি অতি শিগিগরই বিস্তারিত জানাতে পারব।’

প্রায় ১৭ মাস পর বিসিবির প্রত্যক্ষ হস্তক্ষেপে জিম্বাবুয়ে সফরে টেস্টে সুযোগ পান মাহমুদউল্লাহ। টেস্ট খেলার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫০তম টেস্টে সেঞ্চুরি করার পরই অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি মাহমুদউল্লাহ।