পরপর চার অলিম্পিকে স্বর্ণ কিউবার কুস্তিগিরের

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৪০

স্পোর্টস রিপোর্টার

গ্রেকো-রোমান বিভাগে প্রথম কুস্তিগির হিসেবে পরপর চার অলিম্পিকে স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে ফেললেন মিজান লোপেজ। স্পর্শ করে ফেললেন জাপানের কাউরি ইচোকে। জাপানের এই কুস্তিগির অবশ্য ফ্রিস্টাইল ইভেন্টে পরপর চারটি অলিম্পিকে স্বর্ণ জিতেছেন।

২০০৮ বেজিং অলিম্পিক থেকে ২০২০ টোকিও অলিম্পিকে টানা চার বার স্বর্ণ জিতলেন কিউবার তারকা কুস্তিগির মিজান লোপেজ। এবার টোকিওতে স্বর্ণ জয়ের সঙ্গে সঙ্গেই নজিরও গড়ে ফেললেন তিনি। গ্রেকো-রোমান বিভাগে প্রথম কুস্তিগির হিসেবে পরপর চার অলিম্পিকে স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে ফেললেন মিজান লোপেজ। স্পর্শ করে ফেললেন জাপানের কাউরি ইচোকে। জাপানের এই কুস্তিগির ২০০৪, ২০০৮, ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে ফ্রিস্টাইল ইভেন্টে পরপর চারটি অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন। আর মিজান ২০০৮ বেইজিং অলিম্পিক, ২০১২ লন্ডন, ২০১৬ রিও অলিম্পিক এবং এবার টোকিও অলিম্পিকে স্বর্ণ জিতলেন। গতকাল সোমবার জর্জিয়ার লাকোবি কাজাইয়াকে গ্রেকো-রোমান ১৩০ কেজি বিভাগের ফাইনালে ৫-০তে পরাজিত করেন মিজান।

১০ বছর বয়সে কুস্তি শুরু করেছিলেন কিউবার মিজান লোপেজ। কুস্তিটা তার কাছে শুধু পেশা নয়, ভালোবাসা হয়ে গিয়েছে। হয়তো সেই কারণেই তার টানা সাফল্য। রবিবার সেমিফাইনালে তুরস্কের রিজা কায়ালপকে ২-০ হারিয়েছিলেন। রিওতে স্বর্ণ জয়ের লড়াইয়ে আবার কায়ালপের মুখোমুখি হয়েছিলেন মিজান লোপেজ। সেবারও তিনি তুরস্কের কুস্তিগিরকে হারিয়েছিলেন। এবার অবশ্য সেমিফাইনালে হারালেন।