আইপিএলে অনিশ্চিত ইংল্যান্ডের বাংলাদেশ সফর

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৪১

স্পোর্টস রিপোর্টার

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। ওডিআই সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডের সঙ্গে আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনটি ম্যাচ খেলবে ইংল্যান্ড, সূচিটা এমনই ছিল।

কিন্তু বাংলাদেশের জন্য খারাপ খবর, গতকাল ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, একই সময়ে আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের বাকি অংশ খেলবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাই বাংলাদেশ সফরটা স্থগিত হয়ে যেতে পারে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো অবশ্য সরাসরিই লিখেছে যে, ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে।  যদিও বিসিবি এমন খবর এখনো জানে না। বিসিবির এক কর্মকর্তা গতকাল জানালেন, এ বিষয়ে আমাদের সঙ্গে ইসিবির সঙ্গে কোনো কথা হয়নি। আমরা জানি না। তাই এখন এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও সাংবাদিকদের বলেছেন, ‘মিডিয়ার রিপোর্টের মাধ্যমে আমরা বিষয়টা জেনেছি। যদিও আমরা এখনো এ বিষয়ে অফিসিয়াল কিছু জানি না।’