স্পোর্টস রিপোর্টার
ভারতের ডুরান্ড কাপ ফুটবলে আমন্ত্রণ পেয়েছে মোহামেডান। আগামী ২ সেপ্টেম্বরে এই টুর্নামেন্টের আসর বসবে কলকাতায়। মোহামেডানের ফুটবল কর্মকর্তারা আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন মোহামেডান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে। দুই ক্লাবই খেলতে যাবে। এই কর্মকর্তা বলেছেন, ‘ভারতের সেনাবাহিনী ডুরান্ড কাপ ফুটবল আয়োজন করছে। বাংলাদেশের পঞ্চাশ বছর উপলক্ষ্যে সম্মান দেখিয়ে তারা দুটি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে।’ অন্য কোনো বিদেশি দলকে বলা হয়নি। ১৬টি দল খেলবে ভারতের এই টুর্নামেন্টে। রাউন্ড লিগ পদ্ধতিতে খেলা হবে। ডুরান্ড কাপের এটি হবে ১৩০তম আসর। শেখ জামাল এবং মোহামেডান এখন প্রিমিয়ার লিগে খেলছে। লিগ শেষ হয়ে গেলে তারা ভারতের এই টুর্নামেন্টে খেলতে যাবে বলে জানিয়েছেন প্রিন্স। ১৩ আগস্ট মালদ্বীপে এএফসি কাপে খেলতে যাওয়ার কথা রয়েছে বসুন্ধরা কিংসের। বসুন্ধরা মালদ্বীপ গলেও লিগের খেলা চলবে।
