বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৪৫

কঠোর লকডাউনের মধ্যে হঠাত্ রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের কর্মস্থলে ফিরতে এক দিনের জন্য গণপরিবহন চলাচল শুরু হওয়ায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়। সেই সঙ্গে টোল আদায়েও রেকর্ড সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লরি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে  মোট ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা টোল আদায় হয়। তবে ঢাকামুখী পরিবহনের চেয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলমুখী যানবাহন সবচেয়ে বেশি সেতু পারাপার হয় বলে জানা যায়। এর আগে গেল ২৪ ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলে ধীরগতি ও যানজটের কবলে পড়তে হয় যানবাহনগুলোতে। এ সময় মহাসড়কে প্রায় ২০ কিলামিটার এলাকাজুড়ে যানজট ছিল।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, রপ্তানিমুখী শিল্পকলকারখানা চালুর ঘোষণা এবং শ্রমিকদের কর্মস্থলে ফিরতে মহাসড়কে গণপিরবহন ও অন্যান্য পরিবহন চলাচল শুরু হওয়ায় তুলনামূলক অনেক বেশ গাড়িও সেতু পারাপার হয়। এতে রেকর্ড সংখ্যক পরিবহনের পাশাপাশি টোল আদায়েও রেকর্ড সৃষ্টি হয়।