ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা চিহ্নিত করার পর প্রজননক্ষেত্র তথা উত্স নিধনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে। সংস্থার প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে গতকাল সোমবার এ নিয়ন্ত্রণকক্ষ চালু করা করা হয়েছে।
প্রথম দিনে নিয়ন্ত্রণকক্ষে মোট ৩৪টি উেসর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৪টিতে গতকালই ওষুধ ছিটানো হয়েছে। বাকি ১০টি দুপুর ২টার পর হওয়ায় সেগুলোতে আজ মঙ্গলবার অভিযান চালানো হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, মেয়র শেখ ফজলে নূর তাপস নিয়ন্ত্রণকক্ষ সার্বিক তদারকি করছেন। নাগরিকদের কাছ থেকে অভিযোগ আসার পর মেয়র নিজেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংশ্লিষ্ট মশক নিধন কর্মীদের ফোন করে দিকনির্দেশনা দিচ্ছেন। সায়েদাবাদ বাস টার্মিনালে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে গতকাল নগর ভবনে এসেই নিয়ন্ত্রণকক্ষে যান মেয়র তাপস। সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে নগরবাসীর কতগুলো অভিযোগ এসেছে, সে বিষয়ে জানতে চান তিনি। পরে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের ফোন করে সেখানে ওষুধ ছিটানোর নির্দেশনা দেন তিনি।
মশার লার্ভাসংক্রান্ত তথ্য জানাতে নাগরিকদের জন্য দুটি টেলিফোন নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হলো ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪। এই দুটি নম্বরে নাগরিকেরা মশার লার্ভার তথ্য সিটি করপোরেশনকে জানালে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সেখানে মশার ওষুধ ছিটানো হবে। এর বাইরে দক্ষিণ সিটির অফিশিয়াল ওয়েবসাইটে www.dscc.gov.bd থাকা নির্ধারিত ফরমে মশার লার্ভার তথ্য জানানো যাবে।
ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে নগরবাসীকে রক্ষায় ঢাকার দুই সিটি করপোরেশন বিশেষ অভিযান চালাচ্ছে। তার ধারাবাহিকতায় নিয়মিত মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
