মিথ্যাচার ছেড়ে বিএনপির উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো :কাদের

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৫০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সরকারের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যাচার পরিহার করে করোনায় অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ জনমানুষের পাশে রয়েছে, অন্যদিকে বিএনপি ঘরের মধ্যে অবস্থান করছে। অথচ বিএনপি দাবি করছে, তারাই নাকি জনগণের সঙ্গে রয়েছে। দলের মহাসচিবের এসব আজগুবি এবং কাল্পনিক বক্তব্যে তাদের অক্ষমতা আর ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস।’

‘করোনাকালে বিএনপিই জনগণের সঙ্গে রয়েছে’—মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি করোনাসংকটে জনগণের পাশে আছে, এ কথা কেউ বিশ্বাস করবে না। ‘সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করছে’ মর্মে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। তথ্য লুকিয়ে সরকারের কী লাভ? গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্য সম্পর্কে তিনি বলেন, ফখরুল সাহেব একদিকে শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলেন, অপরদিকে গার্মেন্টস খুলে দিলেও আবার বিরোধিতা করেন। তিনি বলেন, ইতিমধ্যেই বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ থেকে ভিয়েতনাম এগিয়ে গেছে। করোনাকালে উত্পাদন ব্যাহত হওয়ায় পোশাক রপ্তানি কমেছে। এ প্রেক্ষাপটে রপ্তানি আদেশসমূহ বাতিল হোক, সরকার তা চায় না। জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করে অর্থনীতির চাকা সচল রাখতে সরকার সচেষ্ট।

তিনি আরো বলেন, আগামী ৭ আগস্ট থেকে দেশব্যাপী গ্রাম পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করতে ইতিমধ্যে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।