মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৫০

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বিরোধী এমপিরা। এই দাবিতে তারা পার্লামেন্টে প্রবেশের চেষ্টাও করেছেন। যদিও তাদের থামাতে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, অনাস্থা ভোট এড়াতে প্রধানমন্ত্রী গতকাল পার্লামেন্টের অধিবেশন স্থগিত করে দেন। খবর রয়টার্স ও স্ট্রেইট টাইমসের

প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানান, পার্লামেন্টের ভেতরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় বিশেষ অধিবেশন বাতিল করা হয়েছে। কিন্তু বিরোধীরা অভিযোগ করে, রাজনৈতিক কারণেই প্রধানমন্ত্রী পার্লামেন্টের অধিবেশন বাতিল করেছেন। এক মাসের বেশি বন্ধ থাকার পর গত সপ্তাহে অধিবেশন শুরু হয়। বিরোধীরা করোনা      ভাইরাস মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থল মারডেকা স্কোয়ারে জড়ো হন কয়েক ডজন এমপি। এর মধ্যে বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম এবং সাবেক দুই বারের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও উপস্থিত ছিলেন। তারা পার্লামেন্টের দিকে মার্চ শুরু করেন। মাহাথির মোহাম্মদ বলেন, হাজার হাজার মানুষ মারা গেলেও তিনি ক্ষমতায় থাকতে আনন্দবোধ করছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, মুহিউদ্দিন ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন। তিনি জানান, ১০৭ জন এমপি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। গত বছরের মার্চে ক্ষমতায় আসার পর থেকেই চাপে আছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন। ২০১৮ সালের নির্বাচনে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের সমর্থকরা জয় পেলেও রাজাকে ম্যানেজ করে প্রধানমন্ত্রী পদে বসেন মুহিউদ্দিন। তাই তাকে প্রতিনিয়তই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হচ্ছে। গতকাল পার্লামেন্টে এমপিরা প্রবেশের চেষ্টা করলেও দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়।