মাদাগাস্কারে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র, পাঁচ জেনারেল গ্রেফতার

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৫১

মাদাগাস্কারে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়োলিনাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সন্দেহভাজন ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ১২ জন সামরিক কর্মকর্তা। দেশটির একজন সিনিয়র প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

গত মাসে গ্রেফতার করা সন্দেহভাজনদের মধ্যে ছয় জন ফরাসি নাগরিক। সামরিক কর্মকর্তাদের মধ্যে পাঁচ জন জেনারেল, দুই জন ক্যাপ্টেন এবং পাঁচ জন নন-কমিশন্ড অফিসার। আপিল আদালতের প্রসিকিউটর বার্থিন রাজাফিয়ারিভনি গত রবিবার এসব তথ্য জানান। তবে তিনি তাদের পরিচয় নিশ্চিত করেননি। অবসরপ্রাপ্ত চার বিদেশি এবং পাঁচ জন বেসামরিক নাগরিকও গ্রেফতার হয়েছে। প্রসিকিউটর জানিয়েছেন, গ্রেফতার হওয়া কয়েক জন পুলিশ হেফাজতে আছেন। বার্থিন রাজাফিয়ারিভনি জানান, তদন্তকারীদের হাতে প্রমাণ রয়েছে। অপারেশনের প্রধান হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান। মাদাগাস্কারে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। রাজোয়োলিনা ২০০৯ সালে এক অভ্যুত্থানে মার্ক রাভালোমানানাকে সরিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় ছিলেন রাজোয়োলিনা। ২০১৮ সালের নির্বাচনে রাভালোমানানা লড়াই করলেও রাজোয়োলিনার কাছে হেরে যান।