করোনায় ডা. নাজিব মোহাম্মদের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৫১

করোনায় আক্রান্ত হয়ে আরো এক চিকিত্সকের মৃত্যু হলো। এবার প্রাণ গেল গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের (৬৬)। গতকাল সোমবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএমএর তথ্য অনুযায়ী, এ নিয়ে করোনায় ১৭৭ চিকিত্সক মারা গেলেন। এর মধ্যে তিন জন ডেন্টাল সার্জন রয়েছেন। অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ সৌদি আরব কিং ফয়সল       মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন। দেশ-বিদেশে তিনি আইসিইউতে উন্নত ও আধুনিক চিকিত্সাব্যবস্থায় অনেক অবদান রেখে গেছেন।

প্রফেসর ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে দেশের আইসিইউ চিকিত্সাসেবার অপূরণীয় ক্ষতি হলো। ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, গণস্বাস্থ্যে আইসিইউ চিকিত্সা উন্নতিতে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক  চৌধুরী গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।