মৃত্যু ২১ হাজার ছাড়াল

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৫২

দেশে গত পাঁচ দিনে আরো ১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে এ পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২১ হাজার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৯৮৯ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২৪৬ জনের। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭। তাদের মধ্যে ২১ হাজার ১৬২ জন মারা গেছেন।

ঈদের ছুটির পর কঠোর লকডাউনের মধ্যেই গত ২৮ জুলাই দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গিয়েছিল। তা ২১ হাজারে পৌঁছাল মাত্র পাঁচ দিনে। আগের দিন সারা দেশে ১৪ হাজার ৮৪৪ জন নতুন রোগী শনাক্ত এবং ২৩১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৭ হাজার ৬৬০ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা সারা দেশে দিনের মোট আক্রান্তের প্রায় অর্ধেক। সরকারি হিসাবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা ভাইরাসের রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪০৭।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৬ জনের মধ্যে পুরুষ ১৩৭ জন আর নারী ১০৯ জন। দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১৪ হাজার ২৭৯ জন আর নারী মারা গেলেন ৬ হাজার ৮৮৩ জন।